সর্বশেষ

প্রতিভালবাসা


সন্ধ্যায় ঝড় এলে ভেঙে পড়ে প্রকৃতির বাসা
আর এইদিকে আমি ভেঙে পড়ি
তোমার বঞ্চনার ঝড়ো বাতাসে
প্রশস্ত শিরিস গাছের মত মোহনীয় বুকের
শূন্য মাঠে
যেখানে চাষ করো তুমি ধারালো ব্লেড
রক্ত ঝরাতে
তারপর প্রত্যেকদিন লাল টুকটুকে টিপ পরে প্রদর্শন করো নিজেকে
মানুষেরা জানেনা তোমার টিপ এত রক্তলাল কেন
অবাক বিস্ময়ে দেখে
ওরা বলে,'তোমাকে দারুন সুন্দর লাগছে'
আর আমার রক্তকণা ঝরে পড়ে অসহায় হয়ে
সহ্য করে হৃদয়ের মৃত্তিকা
খন্ড খন্ড ব্যথাকে পরাজিত করে।


ভালবাসাকে মন্দ বাসতে ইদানিং যদিও ইচ্ছে করে
বারবার মরতে আর চাইনা
আর চাইনা
আমার হিমোগ্লোবিন তোমার কপালের সৌন্দর্য বৃদ্ধি করুক
বিশ্বাস করো,আমি বিশ্বাস করি এখন
ভালবাসা আমার সবকিছু কেড়ে নিয়ে
তোমাকে দিয়েছে।

5TH OF APRIL, 2016
পাঠ অনুভূতি