বই সব সময় আমার কাছে মহামূল্যবান।
আর সে বই যদি ইতিহাসের আকর বা মৌলিক দলিল হয় তবে সেটি আরও গুরুত্বপূর্ণ।
আবার, সেই বই যদি ইতিহাসের মূল চরিত্রদের লেখা হয় তার জ্ঞানতাত্ত্বিক মূল্য আরও অধিক।
বাংলা ভাষায় যতগুলো ইতিহাসকেন্দ্রীক আত্মজীবনীমূলক বই বিদ্যমান, আমি মনে করি, এর মধ্যে ১০টি বইয়ের ঐতিহাসিক গুরুত্ব অন্য সবাইকে ছাপিয়ে যায়।
একটি হচ্ছে, আবুল মনসুর আহমদের 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'।
বাংলাদেশের ইতিহাসের নানা বাঁক বদলানো মুহূর্তের এমন নির্মোহ বর্ণনা আর কেউ দেয়নি।
ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম যে নিরপেক্ষসত্তা দাঁড় করিয়েছেন এটি তিনি তার বাবার লেখা ও ব্যক্তিত্ব থেকে পেয়েছেন।
দ্বিতীয়টি হচ্ছে, অক্সফোর্ডের শিক্ষক তপন রায়চৌধুরী এর জীবন থেকে নেওয়া গ্রন্থ 'বাঙ্গালনামা'৷
এই বইটি ১৯৪৬ এর 'গ্রেট ক্যালকাটা কি-লিং' কীভাবে মুসলমানদের কচুকাটা করে, এবং শিক্ষিত প্রগতিশীল রেনেসাঁস করা হিন্দুত্ববাদীরাও কতটা হিংস্র তার প্রামাণ্য দলিল।
তপন নিজের চোখে দেখা হিন্দু মৌলবাদের কুকীর্তি এখানে প্রকাশ করেন।
তৃতীয় বইটির নাম আবুল হাশিমের লেখা 'আমার জীবন ও বিভাগপূর্ব বাংলাদেশের রাজনীতি'৷
বদরুদ্দিন উমর এর বাবার লেখা ইংরেজি বই 'In Retrospection' উমরের আরেক ভাই শাহাবুদ্দীন মহম্মদ আলী অনুবাদ করেন।
বাংলাদেশের রাজনীতিতে কেন ১৯৪৭ অনিবার্য হয়ে উঠলেও কীভাবে এখনও বুদ্ধিবৃত্তিক অঙ্গনের কেউ কেউ কলকাতাকেন্দ্রিক জীবনকে অনুভব করেন সেটিসহ নানা রাজনৈতিক প্যাঁচগোছের খবর এখানে পাবেন।
চতুর্থ বইটির নাম জসীমউদ্দিন রচিত 'ঠাকুরবাড়ির আঙিনায়'।
এই গ্রন্থ আপনাকে রবীন্দ্রনাথ ঠাকুরসহ তৎকালীন ঠাকুর পরিবারের বুদ্ধিবৃত্তিক উত্থান, বিকাশ ও পতনের নেপথ্য জানাবে।
জানাবে, আপাদমস্তক নিরীহ রবীন্দ্রনাথ ঠাকুর কীভাবে হিন্দুত্ববাদীদের মাধ্যমে প্রভাবিত হয়ে মুসলিম জীবন সম্পর্কে জ্ঞাত ছিলেন না সেই ঘরের খবর।
পঞ্চম বইটির নাম দীনেশচন্দ্র সেন রচিত 'ঘরের কথা ও যুগসাহিত্য'৷
এই গ্রন্থে হিন্দুত্ববাদের আদিগুরুদের একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কীভাবে গণবিরোধী ছিলেন এবং পূর্ববাংলার অব্রাহ্মণ হিন্দু ও মুসলমান যে তার মানসে কোনোদিন স্থান পায়নি তার ফার্স্টহ্যান্ড এক্সপেরিয়েন্স দীনেশ শেয়ার করেছিলেন।
দীনেশকে চেনেন তো? বাংলা ভাষা ও সাহিত্য যে মূলত মুসলমান শাসনের কারণে সমৃদ্ধ হয়েছিল এটা তিনি হাতেকলমে প্রমাণ করেছিলেন।
ষষ্ঠ বইটির নাম বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে অনন্য এক ব্যক্তিত্ব কর্নেল সাফায়েত জামিল বীর বিক্রম এর লেখা 'মুক্তির জন্যে যুদ্ধ'।
মুক্তিসংগ্রামের ইতিহাস জানার জন্য এ এক অনন্য দলিল।
এ বইটির পাশাপাশি কল্যাণ পার্টির মেজর জেনারেল ইব্রাহিম বীর প্রতীকের লেখা 'সেনা বাহিনীর অভ্যন্তরে আটাশ বছর'ও পড়া যেতে পারে।
সপ্তম বইটির নাম কর্নেল হামিদের লেখা 'তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা'।
এই গ্রন্থটি বাংলাদেশের স্বাধীনতার পরপর যে রাজনৈতিক অস্থিরতা চলে তাকে ডিকোড করার জন্য একটি আকর গ্রন্থ।
লেখক অনেক বেশি নিরপেক্ষ দৃষ্টিকোণে এই বইটি লিখেছিলেন বলে সর্বমহলে এই গ্রন্থের গ্রহণযোগ্যতা আজও রয়েছে।
অষ্টম বইটির নাম 'বলেছি বলছি বলব'।
এটি লিখেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শাহ মোয়াজ্জেম হোসেন।
এই বইটি এ কারণে গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে একবিংশ শতাব্দি পর্যন্ত নানা রাজনৈতিক ঘটনাবলি এবং ঘটনার পেছনের ঘটনা ও প্রেক্ষাপট এই গ্রন্থে শাহ মোয়াজ্জেম হোসেন লিখেছেন৷
তিনি ছিলেন স্বাধীনতাপূর্ব সময়ে ছাত্রলীগের প্রেসিডেন্ট।
স্বাধীনতার পরে শেখ মুজিবের ঘনিষ্ঠ এ ব্যক্তি আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে স্বাধীন বাংলাদেশের প্রথম চিফ হুইপ নির্বাচিত হয়েছিলেন।
পরে বঙ্গবন্ধুর মৃত্যুর পরে খন্দকার মোশতাকের সরকারেও তিনি যোগ দেন।
চেষ্টা করেন ডেমোক্রেটিক লীগ এবং জনদল নামে দল গঠন করে রাজনীতি করতে।
ব্যর্থ হয়ে এরশাদের জাতীয় পার্টিতে যোগ দিয়ে উপপ্রধানমন্ত্রী হন।
শেষ বয়সে এসে বিএনপি'র ভাইস চেয়ারম্যান হন। অর্থাৎ, তিনি একই সাথে দেশের ক্ষমতায় যাওয়া সব দলে ছিলেন। একারণেই তার এই গ্রন্থটি বিতর্কিত হওয়ার পরেও ইতিহাসের ক্ষেত্রে দলিল।
এর পরে যে গ্রন্থটিকে আমি তালিকায় রেখেছি সেটি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি এবং স্বাধীনতার অন্যতম প্রধান ব্যক্তিত্ব (বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল ও অসংখ্য ব্যক্তি তাকে স্বাধীনতার ঘোষক হিসেবে স্মরণ করেন) বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরউত্তমের লেখা 'আমার রাজনীতির রূপরেখা'।
এ গ্রন্থটিতে বাঙ্গালী জাতির ওপর পাকিস্তানী জালেমদের অত্যাচারের কোন প্রেক্ষাপট জিয়াউর রহমানের স্বাধীনচেতা মানসিকতা গড়ে তুলেছিল যা ১৯৭১ এর ২৬ মার্চ তাকে জীবনবাজি রেখে 'We revolt' বলতে উৎসাহিত করেছিল তার উল্লেখ আছে।
গ্রন্থটির বাকি অংশে কীভাবে 'বাংলাদেশপন্থী' রাজনীতি দাঁড় করিয়ে আধিপত্যবাদ, পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের নানা রূপকে মোকাবিলা করে বাংলাদেশ স্বনির্ভর সার্বভৌম দেশ হিসেবে দাঁড়াতে পারে সেই কর্মপন্থা বর্ণিত আছে জিয়ার ভাষণ ও ডায়রিতে লেখা নোটগুলিতে।
এ বইটি ইতিহাসসচেতন পাঠকের জন্য অবশ্যপাঠ্য। আর যারা বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করেন দাবি করেন তাদের জন্য এটি রাজনীতির বাইবেল।
সর্বশেষ যে গ্রন্থটি বাংলাদেশের মানুষের দীর্ঘ লড়াই সংগ্রামকে বুঝতে জরুরি সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান পুরুষ শেখ মুজিবুর রহমান লিখিত 'অসমাপ্ত আত্মজীবনী'।
উনাকে দেশের তৎকালীন জনগণ 'মুজিব ভাই' বলে ডাকতো। বঙ্গবন্ধু নামেও সমধিক পরিচিত।
এই গ্রন্থটি মুজিবের ছোটবেলা থেকে রাজনৈতিকভাবে পরিণত হওয়া পর্যন্ত সময়কে বর্ণনা করে। সেই সাথে কী প্রেক্ষাপটে মুজিবসহ তৎকালীন মুসলিম লীগের অন্যান্য নেতৃবর্গ পাকিস্তান আন্দোলনে শরিক হলেন সেটি এখানে বর্ণনা করা হয়েছে।
এই বইটি সম্পর্কে অধ্যাপক সলিমুল্লাহ খান - Salimullah Khan একাধিকবার বলেছিলেন যে, 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থটি প্রকাশের পূর্বে বাংলাদেশে বসে হিন্দুত্ববাদী রাজনীতির গণবিরোধী ক্ষতিকর রূপ প্রকাশ্যে আলোচনা করার উপায় ছিলোনা।
শেখ মুজিব এ গ্রন্থে হিন্দুত্ববাদী মৌলবাদীদের ভয়ানক খুনী রূপ তুলে ধরেন।
শুধু তাই নয়, এ গ্রন্থে কোন প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ ব্রিটিশ অপশাসনের পরে ভারতের আধিপত্য থেকে বেরিয়ে পাকিস্তানী উপনিবেশ থেকে সর্বশেষ স্বাধীন হওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল সেটি জানা যায়।
যদিও 'বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা' ধারণা সামনে রেখে আওয়ামী লীগ বিগত ১৭ বছর শাসন করেছে তবুও ২০২৪ এ শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রজন্ম গণ অভ্যুত্থান করেছে তাদের অনেকের মধ্যে শাসকের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইয়ের যে মানসিকতা সেটি তৈরিতে 'অসমাপ্ত আত্মজীবনী' ভূমিকা রেখেছে এটি নিঃসন্দেহে বলা যায়।
বিসাইডস, বাঙ্গালী জাতীয়তাবাদ কোন পরিপ্রেক্ষিতে যথাক্রমে হিন্দুস্তান ও পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ছিনিয়ে আনলো সেটি জানতেও 'বাঙ্গালী জাতীয়তাবাদ' এর রাজনৈতিক গুরু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত চিন্তা জানা জরুরি।
~~~
খবরে দেখলাম দুইজন মব বখাটে The University Press Limited (UPL) এর বাংলা বাজার অফিসে গিয়ে 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ দেখে দোকানে তালা মেরে দিয়েছে।
অতি উৎসাহী হয়ে পুলিশও ইউপিএল বুকস এর কর্মীদের বেআইনীভাবে জিজ্ঞেস করেছে।
রাষ্ট্র যে বই আইন করে নিষিদ্ধ (যদিও সরাসরি ক্ষতিকর প্রভাব প্রমাণ না করে কোনো বই নিষিদ্ধ করার পক্ষে আমি নই) করেনি সেই বই বিক্রি অন্যায় নয়।
অথচ, সেটাই করা হচ্ছে। এটা ইতিহাসের স্বাভাবিক গতিপ্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টির নামান্তর।
জিয়াউর রহমানের 'আমার রাজনীতির রূপরেখা' গ্রন্থের প্রথম অধ্যয়টিতে থাকা তার বিখ্যাত নিবন্ধ 'একটি জাতির জন্ম' কেউ পড়লে দেখবেন, জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানকে অগাধ শ্রদ্ধা করতেন।
তিনি পুরো রাজনৈতিক জীবনে কখনোই শেখ মুজিবুর রহমানের প্রতি বিষোদগার করেছেন এর কোনো নজির নাই।
বরং মুজিবের খু/নীদের নানা সময়ে জিয়াকে ফাঁসানোর চেষ্টা ছিলো মূলত জিয়া তাদের দেশে রাজনৈতিক প্রশ্রয় দেননি বলে।
জিয়ার মৃত্যুর পর বিশ্ববেহায়া এরশাদের সময়ে ডালিমরা 'কুড়াল মার্কা' নিয়ে নির্বাচন করে।
জিয়া হ/ত্যার সাথে এরশাদের জড়িত থাকা নিয়ে অবশ্য আমি বারবার আলাপ করেছি ছাত্রজীবনে।
যাহোক, যা বলতে চাচ্ছি তা হচ্ছে ১৯৭১ এর পূর্বের জীবন্ত শেখ মুজিবুর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলা যাবেনা।
আবার, যুদ্ধবিধ্বস্ত দেশে জাসদের রক্তাক্ত বৈজ্ঞানিক সমাজতন্ত্র এর মোকাবিলায় রক্ষীবাহিনীর রক্তক্ষয়ী প্রতিক্রিয়া এবং সংঘর্ষ এর বদৌলতে ১৯৭২ থেকে ১৯৭৫ এ গণবিচ্ছিন্ন হয়ে যাওয়া মুজিবও বাংলাদেশের ইতিহাসেরই অংশ।
জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইতিহাসের এই সব ঘটনা ও ব্যক্তিদের নির্মোহভাবে মূল্যায়ন করতে হবে।
কাউকে অন্ধভাবে পূজা করায় যেমন জাতির কল্যাণ নাই, তেমনি কাউকে অন্ধভাবে ঘৃণা করায়ও জাতীয় মুক্তি নাই।
এ কারণে আমাদের গভীরভাবে সামগ্রিক দৃষ্টিকোণে জানতে হবে।
জানতে হলে পড়তে হবে। আর পড়তে হলে বই প্রকাশিত ও বিক্রি হতে হবে।
সেই স্বাভাবিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা যাবেনা।
তাহলে এ জাতি কালেক্টিভ 'বিবলিওথেরাপি' থেকে বঞ্চিত হবে।
আর এটি জাতির জন্য কোনো কল্যাণ বয়ে আনবেনা এটা আপনি নিশ্চিত থাকেন।
অন্যায়কে অন্যায় বলতে শিখুন।
'১৯৭১: ভেতরে বাইরে' বা 'দেয়াল' ইত্যাদি বই নিষিদ্ধ অথবা আদালতের মাধ্যমে ছাঁকনী দিয়ে কি আওয়ামী লীগ এই বইয়ের প্রতি বা অপ্রিয় তথ্যের প্রতি লোকের আকর্ষণ দমাতে পেরেছে?
পারেনি।
এসব যদি সময় থাকতে অনুধাবন করেন তবে ভালো।
তা না হলে ভুল করবেন।
বুঝছেন?
0 Comments