সর্বশেষ

জিয়া, খালেদ ও তাহের: তিন বীরউত্তমের রাজনৈতিক লড়াই

তারা ৩ জন : তিন কিংবদন্তি বীরউত্তমের কথা...

®®®
বাংলাদেশের ইতিহাসের সাথে সরাসরি জড়িত তিনজন কিংবদন্তি মানুষ।

তিনজনই বীর মুক্তিযোদ্ধা!

যেনতেন মুক্তিযোদ্ধা নয়, জীবিতদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপ্রাপ্ত তিন 'বীরউত্তম'৷ 

খালেদ মোশাররফ ৩ নভেম্বর ১৯৭৫ মোশতাকের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান করেন। 

নিজেকে দেশের 'সেনাপ্রধান' ঘোষণা করেন (ভীতু পুতুল মুশতাকহীন দেশে রাষ্ট্রপতিও তিনি। তিনদিনের অবেলার রাষ্ট্রপতি!)। 

খালেদের ক্যু এর কারণে ১৯৭৫ এর ঘাতকরা দেশ ছাড়তে বাধ্য হয়।

তবে খালেদ একেবারে প্রথম থেকেই দৃঢ়চেতা ছিলেন যে, রক্তপাত এড়িয়ে মুস্তাককে খেদাতে হবে, খু/নীদের তাড়াতে হবে। 

ডালিম তার কমান্ড কেন্দ্রে আসার পরেও তাদের তিনি কিছু বলেননি। 

কিন্তু টিকে থাকার লড়াইয়ে কোমল হৃদয়ের কারণে তিনি হেরে যান নিষ্ঠুরদের কাছে। 

খু/নীরা তাকে খু-ন করার কয়েক দিন আগেই জাতীয় চার নেতাকে জেলখানায় নির্মমভাবে হ/ত্যা করে পিচাশ রিসালদার মোসলেম উদ্দিন। 

'Khaled's War' নামে ১৯৭১ এ বিদেশী একটি চ্যানেলের ডকুমেন্টারি দেখলে বুঝবেন কী বলিষ্ঠ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমাদের মহানায়ক খালেদ। 

একটি ভিডিওতে দেখবেন, তিনি মুক্তিযোদ্ধাদের দেশ স্বাধীন করার জন্য শপথ পাঠ করাচ্ছেন। 

দেখে কলিজাটা জুড়িয়ে যাবে। 

খালেদের নেতৃত্বে গড়ে ওঠা 'কে ফোর্স' বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকা পালন করে। 

১৯৭৫ সালের ৭ নভেম্বর তাকে ঠান্ডা মাথায় হ/ত্যা করে জাসদের বিপ্লবী সৈনিক সংস্থার সাথে জড়িত উচ্ছৃঙ্খল সৈনিকরা।  

ব্রিগেডিয়ার সাখাওয়াতের 'বাংলাদেশ রক্তাক্ত অধ্যায় ১৯৭৫-৮১' গ্রন্থটির ২০২৩ সালে প্রকাশিত সংস্করণে 'বাংলাদেশ: লিগ্যাসি অব ব্লাড' এর রেফারেন্সে ক্যাপ্টেন আসাদ ও ক্যাপ্টেন জলিল নামের দুইজন সেনা কর্মকর্তার নামও খু/নী হিসেবে উঠে এসেছে!

খালেদ মোশাররফ রক্তপাতহীন অভ্যুত্থান চেয়েছিলেন। এটার কারণে তিনি 'Chain of Command' ফিরিয়ে আনার দিকে নজর দিলেও খু/নীদের, বিশেষ করে তাহেরের আদর্শের নৃশংস খু-নীদের ব্যাপারে সতর্ক হননি। ঐ সময়ে 'কিল অর বি কিল্ড' স্ট্যাটাসকো খালেদ রিড করতে ভুল করেছেন। 

খালেদ, আমাদের মতে, নিজে যে 'অনার কোড' ধারণ করতেন তা প্রতিপক্ষ সবার মধ্যে উপস্থিত আছে ধরে লড়াইয়ে নেমেছিলেন বলেই তিনি অবেলায় হারিয়ে গেলেন!

 ২।
লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরও, যিনি কর্নেল তাহের নামে সমধিক পরিচিত, একজন নিবেদিত মুক্তিযোদ্ধা। 

১১ নম্বর সেক্টরে সব ভাই-বোন মিলে যু-দ্ধ করে দেশ স্বাধীন করে তাহের বীর উত্তম হিসেবে স্বীকৃতি পান। 

তাহের মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাছ থেকে একটি উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 

কিন্তু তাহের ছিলেন মূলত রক্তাক্ত অভ্যুত্থানে ক্ষমতা অধিগ্রহণ করতে চাওয়া এলিট বামপন্থী (সর্বহারা নয়)। 

সিরাজুল আলম খাঁদের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠিত হলে তাহের তাদের সাথে গোপনে যোগদান করেন। 

এ অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের সময়ে ১৯৭২ সালে তাকে বাধ্যতামূলক অবসরে যেতে চাপ প্রয়োগের কথা ব্রিগেডিয়ার সাখাওয়াত (২০২৩/১৯৯৭) লিখেছেন। 

জাসদের সামরিক শাখা গণবাহিনীর তাত্ত্বিক ও প্রায়োগিক কাঠামো তাহেরের হাত ধরে গড়ে ওঠে। 

তার ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন গণবাহিনীর ঢাকা অংশের প্রধান ছিলেন।

তাহের এন্ড গং সেনাবাহিনীর অভ্যন্তরে 'বিপ্লবী সৈনিক সংস্থা' নামের গুপ্ত লেনিনিস্ট সংগঠন গড়ে তুলেছিলেন যারা ১৯৭৫ থেকে ১৯৮১ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরের ছোট-বড় সবকটি অভ্যুত্থানের সাথে কম-বেশি জড়িত। 

৩ নভেম্বর খালেদের বিপ্লবের বিরুদ্ধে ৬ নভেম্বর দিবাগত রাতে প্রতিবিপ্লবের নেতৃত্ব দেন তাহের। 

৭ নভেম্বর রুশ বলশেভিক বিপ্লবের সাথে মিল রেখেই তাহের এই দিন ক্ষমতা গ্রহণ করতে চেয়েছিলেন।

তাহেরের রক্তাক্ত রাজনীতি বাংলাদেশের আপামর জনগোষ্ঠীর কাছে জনপ্রিয় না হলেও ক্যান্টনমেন্টে প্রভাব ফেলেছিল। 

শ্রেণির প্রশ্ন সামনে এনে তাহের আর্মির অফিসারদের বিরুদ্ধে ঘৃণা উৎপাদন করতে সক্ষম হন এবং এই ঘৃণার অনলে শতখানেক সেনা কর্মকর্তা (এবং পরে বিমানবাহিনীরও) হতাহত হন। 

তাহের বঙ্গবন্ধুর লাশ টুঙ্গিপাড়ায় কবর না দিয়ে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার পক্ষে প্রকাশ্যে বিবৃতি দেন (ডেইলিস্টারের 'হু সেইড হোয়াট আফটার ১৫ আগস্ট ১৯৭৫' দ্রষ্টব্য)। 

তাহের জিয়াউর রহমানকে খালেদের বন্দিশালা থেকে উদ্ধার করে তাকে নিজের কব্জায় এনে বাংলাদেশকে 'তাহেরিয় ধারার সমাজতান্ত্রিক রাষ্ট্র' হিসেবে গড়তে চেয়েছিলেন। 

জিয়ার ভাগ্য এবং অন্যান্য আর্মি অফিসারদের তাহেরের 'সিপাহী সিপাহী ভাই ভাই/অফিসারদের রক্ত চাই' ধাঁচের নীতির বিরুদ্ধে ক্ষোভের কারণে জিয়া তাহেরের নীলনকশার হাত থেকে রক্ষা পেয়েছেন!

তাহের বাহিনী খালেদ মোশাররফ বীরউত্তমের অভ্যুত্থানকে 'ভারতপন্থীদের অভ্যুত্থান', 'ভারতের চর', 'ভারতের দালাল' ইত্যাদি বলে অপপ্রচার চালায়। 

তাহেরের ভাইয়েরা ভারতের হাইকমিশনার সমর সেনকে পর্যন্ত অপহরণ করতে গিয়েছিল 'বিপ্লব' সফল করার জন্য। 

তবে শত শত প্রাণহানির দায়ে অভিযুক্ত তাহেরের বিরুদ্ধে অফিসারদের ক্ষোভকে জিয়া উপেক্ষা করতে পারেননি। 

'তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা' গ্রন্থে কর্নেল হামিদ তাহেরকে 'জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করে না আনার জন্য 'আপরাইজিং লস্ট' করার আফসোসের কথা উল্লেখ করেন। 

তাহেরের 'অসমাপ্ত বিপ্লব' নিয়ে দেশ ও বিদেশে সবচেয়ে নন্দিত বইয়ের নাম আমেরিকা যুক্তরাষ্ট্রের সাংবাদিক লরেন্স লিফসুৎসের লেখা 'Bangladesh - An Unfinished Revolution'৷ 

কেন পুঁজিবাদী নীতির একজন মার্কিন সাংবাদিক সোভিয়েত বলশেভিক ও চীনের মাওবাদী ধাঁচের 'সমাজতান্ত্রিক বিপ্লব' করতে চাওয়া তাহেরকে নিয়ে লিখলেন সেই প্রশ্ন জাগে আপনাদের?

ফিকশনাল 'ক্রাচের কর্নেল' পড়লে কিন্তু 'নন-ফিকশন' তাহেরের গভীরে প্রবেশ করা যাবেনা।

যাহোক, এর মধ্যে তাহের অনুসারী কর্তৃক খালেদ মোশাররফ, হুদাদের হ/ত্যা জিয়াকেও শঙ্কিত করে এবং তিনি তাহেরকে শত শত সেনাবাহিনীর অফিসার ও সদস্য হ/ত্যা ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার দায়ে কোর্ট মার্শালের মাধ্যমে মৃ-ত্যু-দণ্ড দেন।

ব্রিগেডিয়ার সাখাওয়াতসহ ঘটনার সময়ে প্রত্যক্ষ সেনা দায়িত্ব পালন করা প্রত্যেকের লেখা বই থেকে এটা নিশ্চিত যে, শতশত সেনা কর্মকর্তার প্রাণহরণের জন্য তাহের আর্মিতে অজনপ্রিয় হয়ে ওঠেন এবং তার ভাইদের ভারতের দূত সমর সেনের ওপর আক্র/মণ— সাখাওয়াতের মতে—তাহেরকে কোর্ট মার্শালের মাধ্যমে শাস্তি দিতে জিয়া আশু অপরাধ হিসেবে গ্রহণ করেন। এ বিষয়ে আর্মিদের তরফ থেকে জিয়ার ওপর চাপ ছিলো।

১৮ তারিখ রায় হওয়ার পর ২১ জুলাই ১৯৭৬ তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয়। 

বাংলাদেশের একটি আদালত ২০১১ সালে এই ট্রায়ালকে অবৈধ ঘোষণা করে রায় দেয়। 

খালেদ মোশাররফের এক ভাই তাকে হ/ত্যা নিয়ে মা/মলা করে। 

খালেদকন্যা মাহজাবিন খালেদ, নাজমুল হুদার কন্যা নাহিদ ইজাহার খান এবং তাহেরের ভাই আনোয়ার হোসেনসহ সবাই আওয়ামী লীগের রাজনীতি কীভাবে কর‍তেন এ এক বিস্ময়কর প্রশ্ন!

২০২৩ এ কর্নেল তাহের, জিয়াউর রহমান ও মেজর জলিলকে আসামী করে ইজাহার খান খালেদ মোশাররফ, হুদা, হায়দারকে হ/ত্যার বিচার চেয়ে মা-মলা করেন। 

তাহেরকে ফাঁসির আগে গোসল করে পবিত্র হতে বললে তিনি বলেছিলেন, তিনি নিষ্পাপ!

কথিত আছে তাহের ফাঁসির মঞ্চে উঠে কবিতা আবৃত্তি করেছিলেন: 

"জন্মেছি, সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে, কাঁপিয়ে দিলাম।

জন্মেছি, তোদের শোষণের হাত দুটো ভাঙব বলে, ভেঙে দিলাম।

জন্মেছি, মৃত্যুকে পরাজিত করব বলে, করেই গেলাম!"

তাহের কি পেরেছেন সত্যিই? 

৩।
আমাদের আজকের দিনের সর্বশেষ এবং সবচেয়ে আলোচিত সামরিক বীরের নাম বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। 

বাংলাদেশের জনপ্রিয় প্রয়াত রাষ্ট্রপতি। 

তিনি ১ নম্বর সেক্টরের কমান্ডার। 

তার নামে 'জেড ফোর্স' গঠন করা হয় যা মুক্তিযুদ্ধের সময় অসামান্য কৃতিত্ব রাখে।

১৯৭১ এর ২৬ মার্চের পরে (২৭ মার্চ মূলত) তিনিই সর্বপ্রথম বেতারে 'প্রভিশনাল কমান্ডার-ইন-চিফ' পরিচয় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতার অদম্য বার্তা প্রকাশ করেন।

তার নিজের লেখা নিবন্ধ 'একটি জাতির জন্ম'তে তিনি ৭ মার্চ ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকে ডিকোড করে স্বাধীনতার লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার কথা লেখেন। 

১৯৭১ এ দেশ স্বাধীন হওয়ার সময় রানিং কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন সিনিয়র। 

তাকে ডিঙিয়ে আরেক সেক্টর কমান্ডার সফিউল্লাহকে সেনাপ্রধান করা হয়। 

১৯৭৫ এ শেখ মুজিবুর রহমান সপরিবারে হতাহত হলে তিনি সেনাপ্রধান হন। 

৩ নভেম্বর খালেদ মোশাররফ, সাফায়াত জামিলরা অভ্যুত্থান করলে জিয়া গৃহবন্দি হন। 

এই গৃহবন্দি অবস্থায় তার সাথে খালেদের আলাপ হয়। 

তাকে পদত্যাগের কথা বলা হলে তিনি রাজি হন এবং ব্রিগেডিয়ার সাখাওয়াত (২০২৩/১৯৯৭) জানান, এ সময় তিনি তাকে যেন পূর্ণ পেনশন দেওয়া হয় এই অনুরোধ করেন। 

এই ঘটনা, সাখাওয়াত এর বর্ণনা মতে, জিয়ার সৎ জীবনযাপনের নজির। 

৭ নভেম্বর ১৯৭৫ সালে জিয়া মুক্ত হন। 

তিনি সেনাপ্রধান হন। চামচিকা মুশতাক পালায়। 

বিচারপতি সায়েম অনিচ্ছাসত্ত্বেও রাষ্ট্রপতি হন। 

জিয়া 'হ্যাঁ,  না' ভোট আয়োজন করে নিজে রাষ্ট্রপতি হন। 

বিএনপি গঠন করেন। 

আওয়ামী লীগসহ নানা রাজনৈতিক দল থেকে এ দলে লোক বাড়তে থাকে। 

জিয়ার রাজনৈতিক আদর্শ হয় বাংলাদেশী জাতীয়তাবাদ। 

জিয়াউর রহমানের সময় বাংলাদেশের আর্মির শৃঙ্খলা ফিরে আসে। 

মুক্তিযোদ্ধা এবং অমুক্তিযোদ্ধা অফিসার ভীষণ দ্বন্দ্ব তখনো ছিলো। 

জিয়া প্রফেশনাল ছিলেন। রুল-বেইজড শাসন চাইতেন। 

'ইমোশন'কে যদি তিনি সেনাপ্রধান নিয়োগের সময়ে গুরুত্ব দিতেন তবে অমুক্তিযোদ্ধা দুর্বলচিত্ত ভারতের দালাল এরশাদ সেনাবাহিনী প্রধান হতেন না। 

আবুল মঞ্জুরসহ অনেক মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার  এরশাদকে অপছন্দ ছিলো এটা জেনেও কোচবিহার বা রংপুরের এরশাদকে সামনে আনা উচিত হয়নি। 

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে জিয়াউর রহমান এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে শহীদ হন।

এক সময়ে জিয়ার খুবই ঘনিষ্ঠ আরেক মুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবুল মঞ্জুর বীরউত্তম ঠিক কী কারণে জিয়া হ/ত্যার নেতৃত্ব দিবেন সেটি নিয়ে উচ্চ তদন্ত ও গবেষণা প্রয়োজন।

যে সেনা কর্মকর্তা নওয়াজিশের কাছে আশ্রয়রত অবস্থায়  নিরস্ত্র খালেদ-হুদাকে হ/ত্যা করা হয় মঞ্জুরের পাশাপাশি সেই নওয়াজিশকেও জিয়া হ/ত্যায় এরশাদ তড়িঘড়ি করে ফাঁসি দেয়। 

মঞ্জুর-নওয়াজিশরা দাবি জানিয়েছিল তাদের যেন সিভিল আদালতে আনা হয়। এরশাদ তাদের মুখ বন্ধ করতে হ/ত্যা করে।

জিয়াউর রহমান ক্ষমতায় থাকতে বঙ্গবন্ধুর খু/নীরা একাধিক অভ্যুত্থান করতে চেষ্টা করে। 

তিনি ফারুককে গ্রেফতার করেন, রশিদ-ডালিমদের তিরস্কার করেন। 

তার বিরুদ্ধে ২১ টি অভ্যুত্থান হয়েছিল। মুজিব, খালেদদের হ/ত্যাকারীরাও এসব অভ্যুত্থানে সক্রিয় ছিলো।

এ অভ্যুত্থান ঠেকাতে তার সময়ে নির্দয় কোর্ট মার্শাল হয়েছে। ফাঁসিও হয়েছে অনেকের। 

২১তম অভ্যুত্থানও ব্যর্থ হয়, তবে এবার তাঁর প্রাণ চলে যায়।

জিয়াউর রহমানের মৃত্যুর পরে ১৯৭৫ এর ১৫ আগস্টের অভ্যুত্থান যারা করেছিল তারা এরশাদের সময় দেশে ফেরে এবং কুড়াল মার্কা নিয়ে 'ফ্রিডম পার্টি' গঠন করে। 

জিয়াউর রহমানের 'আমার রাজনীতির রূপরেখা' গ্রন্থটি পড়লে জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির পাশাপাশি আধিপত্যবাদ, সম্প্রসারণবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতি দাঁড় করাতে চাচ্ছিলেন।

ভীষণ সততার কারণে, ইব্রাহিম বীরপ্রতীকের 'সেনাবাহিনীর অভ্যন্তরে আটাশ বছর' অনুযায়ী, জিয়াউর রহমান সাধারণ মানুষ ও আর্মির বড় একটি অংশের মধ্যে বিপুল জনপ্রিয় ছিলেন। 

আওয়ামী লীগের যারা অন্ধভাবে জিয়াউর রহমানকে ঘৃণা করেন তারা অনেকে জানেওনা যে, জিয়াউর রহমান ক্ষমতা সুসংহত করার পরেই বিশ্বাসঘাতক খন্দকার মোশতাককে গ্রেফতার করেন এবং বিচারে ৫ বছরের জেল হয় চামচিকা খু-নীর (তবে ১৫ আগস্টের হ/ত্যাকাণ্ড এবং ৩রা নভেম্বরের জেল হ/ত্যার হুকুমদাতা হিসেবে তাকে ফায়ারিং স্কোয়াডে হ--ত্যা করলেও শাস্তি কম হয়) । 

জিয়াউর রহমান যে বেঙ্গল ল্যান্সার বঙ্গবন্ধু হ/ত্যায় সক্রিয়ভাবে অংশ নেয় সেটিকে পুরোপুরি বিলুপ্ত করে দেন। 

তিনি গোপালগঞ্জ সফরেও যান। 

এই ধারাবাহিকতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের টুঙ্গিপাড়া ভ্রমণকে উৎসাহিত করা। 

যদিও ১৫ আগস্ট দিনটিতে বেগম জিয়ার জন্মদিন পালন রাজনৈতিক অঙ্গনে আদর্শ পলিটিক্যাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা রেখেছে। 

সততার কারণে, বিশৃঙ্খলা থেকে দেশকে স্থিতিশীল করার কারণে, ক্যান্টনমেন্টের সৈনিক হয়েও গণতান্ত্রিক অভিযাত্রায় অদ্বিতীয় ভূমিকা রাখার জন্য এবং দেশের উৎপাদনব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার কারণে আজও জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে অনবদ্য এবং স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্ব। 

###

উপরের তিন জনই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনবদ্য অবদান রাখা মুক্তিকামী।  

এ সত্ত্বেও তাদের মধ্যে ক্ষমতা ও রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে দ্বন্দ্ব তৈরি হয়। 

এই দ্বন্দ্ব ১৯৭১ এর পর থেকে আজ পর্যন্ত আমাদের জাতীয় রাজনীতির অকাট্য বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। 

আমরা অতীত থেকে শিক্ষা নিইনা। 

আমরা আমাদের জাতীয় নেতাদের ভালো-মন্দ মিলিয়েই শেখার উপকরণ হিসেবে দেখিনা। 

আমরা হয় তাদের কাউকে একচোখা ভালোবাসি, অথবা একপেশে ঘৃণা করি। 

কারও ওপর দেবত্ব আরোপ করি আর কাউকে বানাই জাতশত্রু!

অথচ, ঐতিহাসিক চরিত্রদেরকে প্রাপ্য উপযুক্ত মর্যাদা নিশ্চিত করে কতটা নির্মোহভাবে জাতীয় ইতিহাসের অংশ করা যায় তার ওপর একটি জাতির ঐক্যের সম্ভাবনা জিইয়ে থাকে। 

আমরা কি আমাদের জাতীয় নেতাদের উপযুক্ত মূল্যায়ন করতে পেরেছি?
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments