সর্বশেষ

মানব,সভ্যতা ও মানবতার রকমফের এবং ধ্বংসের বার্তা

হে মানব,এখন যার মুখে তুমি সভ্যতার সুমিষ্ট বাণী শুনে কেঁদে কেটে অস্থির হও,
যে তোমাদের শেখায় টেররিস্টনামা আর পিস ফর দ্যা ওয়ার্ল্ড
সে-ই এই পৃথিবীতে এনেছে অসভ্যতা
বিশ্বাস হয়না?যাও,নিপ্পনের হিরোশিমাকে প্রশ্ন করো
গড়গড় করে সে বলে দেবে,নিউট্রন বোমায় কে তার সবুজ অঙ্গকে করাটে রক্তাক্ত করেছে,
তার বোঝা আজো টানছে তাকাওয়ি ফুকুশি কিংবা মা উন তাকাদা
সোভিয়েত বোমাবাজির পর মার্কিন ও ন্যাটোর তান্ডবের শব্দে কাবুল,হেলমন্দ আর
কান্দাহারের নিচু স্বরের কান্না কারো কানে যায়না।

হে ওয়েস্টার্ণপন্থী ভদ্রলোকের দল,যার বিষমাখা ভোগবাদে প্রলেপ দিয়ে আপনারা তাত্ত্বিক
তার শরীরে আজো দুই দুইটি মহাখুনোত্‍সবের সমুদ্রসম রক্ত,
কিংবা তারও আগে আপনারা যে কথিত গৃহযুদ্ধ পড়ান
সেখানে যে মানবের বিপ্লবকে হত্যা করা হয়েছে তা পাশ কাটান কেন ?
বাল্টিমোরের আজকের দাঙ্গাটার সূত্রপাত আঠারশ একষট্রির বঞ্চনা,অস্বীকার করতে পারেন?
হে মানবতাবাদী মুখোশধারী,ইউফ্রেতিসের জলরাশি রক্তলাল করায় কার দোষ?
যে আগ বাড়িয়ে নাক গলিয়ে আগ্রাসন চালিয়েছে,না যে প্রতিরোধ করছে নিজ ভূখন্ড?
জানি,এই কাউন্টার ডিসকোর্স সহ্য করার ধৈর্য কি সহিষ্ণুতা স্যুটটাইবদ্ধ মগজে নেই,
অথচ রাত হলে রিমোট হাতে সিএনএন আর বিবিসির প্রোপাগান্ডা দেখতে অর্ধৈর্য নন আপনারা,বরং নাক উঁচু করে বলে দেন,
যত্ত ঝামেলা!কি দরকার আমাদের বড় বাপের সাথে বিতন্ডা করার?
চুপ করে জায়গা আর তেলটুকু দিলেই হয়ে যায়...।আমরা যেমন মগজ দিয়েছি,তাতে কিছু হয়েছে?
শান্তিতে আছি,আরামে আছি,মাস শেষে কড়কড়ে বেতনে বড় পাঙ্গাসটা কিনি
ব্যস,তারপর সঙ্গম পর্যন্ত জীবনটা টেনে নিই।
হে মানব পরিচয়ধারী,ঐ যে বেথেলহেমের নিজ ঘরে শরণার্থী মোহাম্মদ আলী
কিংবা নাবলুশের আলি দাওয়াবেশ,আল আকসার ক্রন্দন আপনাকে ছোঁয়না,
এই যে আপন দেশে অনাগরিক রোহিঙ্গা কিশোরীর হাড় বেরোনো ছবি
কিংবা আন্দামানে ভেসে যাওয়া অনিশ্চিত গন্তব্যে আপনাদের গালে জুতা মারে প্রতিনিয়ত
সেই আঘাত বোঝার জন্য মানুষ হওয়া লাগে,
কোথাও মানুষ নেই;এ পৃথিবী জনমানবহীন।
একদা স্নিগ্ধ শান্ত মহাসাগরের মত সুন্দর এ পৃথিবীতে এখন দানবের রাজত্ত্ব
খুন,আর দখল,এমন কি প্রকৃতি লুটপাট আর দাসত্ত্ব
সর্বত্র মানুষের হাহাকার;যেন ইসরাফিলের শিঙ্গাটা বাজবে অচিরেই মহাবিশ্বে
পালানোর উপায় নেই,পৃথিবী ভরবে নিরবে অনাচার মেনে নেয়া মানুষের ধ্বংসে ।
০.০৮.২০১৫
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments