আমি সাঁওতাল ,তুমি সাঁওতাল ,সে সাঁওতাল , কবি সাঁওতাল ,খেলোয়াড় সাঁওতাল ,
অথচ কারো কোন মাথাব্যথা নেই ,কারো চোখে অশ্রু নেই
পুড়ে যাওয়া সাঁওতালদের দেখে
নিজের শ্যামল বাংলায় শ্যামলের গুলিবিদ্ধ মৃত্যু ফের যেন বলে দেয় চোখে আঙুল দিয়ে
'রক্তের সাথে আর কত বেঈমানী ?'
সাঁওতাল , আমার রক্তের ভাই,আমার বোন ,সাঁওতাল আমার পিতা ও মাতা
আমাদের ক্ষমা করার দরকার নেই
ঘরে বসে তোদের রক্তচোষা চিনি দিয়ে চা খেতে খেতে আমরা বরং আলোচনা করি
সংখ্যালঘুর পলিটিক্যাল ইকোনমি
আর ওদিকে
ঘর পুড়ে ছাই হয়ে যায় সংখ্যালঘুর সাপেক্ষে সংখ্যালঘু সাঁওতালের
তার আদিবাসীত্ত্ব কেড়ে নিয়েছে অন্যরা, তার সংখ্যালঘুত্ত্ব কেড়ে নিয়েছে অন্যরা
এখন কি আছে বাকি ?
কিছু বাকি নাই ।
বাঙালির পূর্বপুরুষ হওয়াই তার অপরাধ,
মিডিয়ার বজ্জাতেরা ব্যস্ত ট্রাম্প হিলারী নিয়ে
এখানে মরা হাতির মূল্য সাঁওতালের চেয়ে অধিক
হাউজপালিত কুকুরদের কাছে সাঁওতালের নিউজভ্যালু কম।
