সর্বশেষ

আরো একটি বিজয়ের মাসে


আরো একটি ডিসেম্বর এসেছে বিজয়ের গন্ধ বিলাতে-
ক্রন্দনরত মায়ের অদৃশ্য ঘাঁয়ে নুন ছিটাতে,
কোটাবিহীন রিকশাচালক মুক্তিযোদ্ধাকে উপহাস করতে,
ভুয়া বজ্জাতের সচিবালয় পর্যন্ত পৌঁছতে,
সীমান্তে গুলি খেয়ে মরে যেতে
আরো একটি বিজয়ের মাস এসেছে-
সশস্ত্র বেদনার নীল জল ভাসাতে বাঙালি জাতিকে ।

আরো একটি ডিসেম্বর এসেছে-
সাম্যহীন সমাজের দর্প অবলোকন করতে,
প্রজন্ম দ্বারা বাংলা ভাষাকে ধর্ষণ দেখতে,
সংষ্কৃতির পেট চীরে জিন্স আর স্কার্ট বের করতে-
আরো একটি ডিসেম্বর এসেছে
শাড়ি,চুড়ি,লুঙ্গী ও লাল ফিতায় সবুজ মাঠ রাঙাতে
রাস্তায় রাস্তায় এক মধ্যবয়সী পুরুষের কাঁধে লাল পতাকার সমাহারে ।

আরো একটি বিজয়ের মাস এসেছে
শকুনদের খপ্পরেও বেঁচে থাকা তরুণের মনে-
মানচিত্র আগলে রাখতে,জাতি ও জাতীয়তার স্বাতন্ত্র্য রক্ষায়
এক হতে,আরো একটি বিজয়ের মাস এসেছে মন্ত্র নিয়ে
বাংলাদেশ দাঁড়াতে চায় নিজ পায়ে-
সোজা মেরুদন্ডে পরগাছাবিহীন শ্যামল শস্যক্ষেতে ।

আরো একটি ডিসেম্বর এসেছে বিজয় নিয়ে
পরাজিতদের হাহাকার ও আগ্রাসীদের দুশ্চিন্তা
থামাতে পারবেনা অদম্য বাসনা প্রতিটি বাংলাদেশীর
৭১ এর গান গাওয়া,পূর্ব দিগন্তের রক্তিম সূর্য উঠানোর দৃঢ় প্রতিজ্ঞা।

(২০১৪ সালের ১ ডিসেম্বর লিখিত।)
পাঠ অনুভূতি