সর্বশেষ

কমরেডের সত্‍কার

কমরেডের সত্‍কার
........................
অবস্থার বিবর্তনে দুষ্টের মহাচক্রে নিপতিত দরিদ্র,
বঞ্চিত,শোষিত ও বিতাড়িত শ্রমিকের দল
ভাই, কি আছে তোদের,কে আর আছে বল ?
সেই প্রলেতারিয়েত আজো ঘাম ঝরিয়ে সভ্যতার রুক্ষ চাকা ঘোরায়,
বারান্দা শোভিত করে কৃত্রিম ফুল ঝাড়বাতিতে; রঙপ্রাসাদের ইটের গাঁথুনী উঠায়,
সকাল সন্ধ্যা নিরন্তর খেটে যায় ছেঁড়া জামার ওরা বিনাবাক্যে,
রক্ত ঢেলে লাল গালিচা বানায় মাংশাসী ভোগবাদীর
খরায় পুড়ে,বৃষ্টিতে ভিজে,খেয়ে না খেয়ে,
চাষা ওরা,পরিশ্রম করে,উত্‍পাদন করে বড় অপরাধী ।

সেই আগেরই বুর্জোয়া নতুন মোড়কে গণমাধ্যম হাতে
চুষছে রক্ত বোতলে বোতলে
কবি পাল-বিদ্রোহী নয়,দুশ্চরিত্র ভোগবাদী
নারী জাতি-প্রেরণাদায়ী নয়,শক্ত পুঁজি
পুরুষ জাত-বিপ্লবী নয়,লাম্পট্যের ধ্বজাধারী
ভোগ,লুট,ত্রাস ও অসাম্য বণ্টনে সেই সুন্দর জগত ভরা
এমন কি কিছু প্রলেতারিয়েত স্বপ্নে স্যুট-টাই পরিহিত বুর্জোয়া ।
পরিস্থিতির ঘোলাটে পর্দায় এখনো ফোসকা পড়া হাত খেটে চলেছে,
কাঁধে কাঁধ রেখে না হোক চোখে চোখ,হৃদয়ে হৃদয় রেখে ওরা এখনো কাঁদে
বৈষম্যের দৃঢ় আঘাতেও ওরা প্রতীক্ষায়
অধীর হয়ে বসে আছে কোন কোন বিপ্লবীর আশায়
শ্রেণী বিভাজনের সর্বোচ্চ সীমা ছাড়িয়েছে বিশ্ব,
শান্তিবার্তার ছত্রচ্ছায়ায় হত্যাকারীর জারজগর্জন,
মোহের মুখোশে পুঁজিবাদ,আগ্রাসন ও সাম্রাজ্যবাদ লুটে নিচ্ছে
গরীবের জান,মাল,সম্ভ্রম,ভূমি,বন্দর,নদী,আকাশ ও পাতাল প্রতিরোধহীন ;
দ্বন্দ্ব ও সংগ্রাম,বিপ্লব ও প্রতিবিপ্লবের এখনই রক্তাক্ত সময়
'আমরা আমরণ লড়বো'-যখন সর্বহারার পরিচিত অভয় ।

কমরেড,কমরেড,কমরেড...
নীল বাতাসে ভাসে মজদুরের আহত চিত্‍কার
প্রতিউত্তর নেই
কমরেড,কমরেড,কমরেড...
দেয়ালের চিকামারা বজ্রমুষ্টি ও লাল অক্ষরের দমকা আঘাত
প্রতিউত্তর সেই
কমরেড,কমরেড,কমরেড...
ক্ষেত থেকে কারখানা সমস্বরে মহারণধ্বনি একই নামে
কোন উত্তর নেই ।
কমরেড ?কমরেড ? কমরেড?
প্রলয়স্বরে বিক্ষুব্ধ দিন মজুর ও কৃষকের মহাহুঙ্কারে
এবার কিছু মুখ সন্তস্ত্র হয়ে বেরোয়
টকবাচাল,রাজনীতিজীবী,বুদ্ধিব্যবসায়ী,আমলা,সাবেক ছাত্রনেতা,নারীবাদী,সাহিত্যিক,মানবতাবাদী,শিল্পী,সাধক,সাংবাদিক...
লজ্জায় মুখ ঢেকে দিল নিম্নাঙ্গে পরিহিত প্লাস্টিকের লাল কাপড়ে
একেকটা পঁচে যাওয়া নাভী প্রকাশিত হলো,একেকটা সাপের প্রজনন খামার দেখা দিল
দীর্ঘ প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা শ্রমিকের দল এদের বন্ধু হিসেবে চিনতে পারেনা,
যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাওয়া ভীতু,আত্মকেন্দ্রিক ওরা কমরেড হতে পারেনা-
অনুধাবন হয় অচিরেই
কমরেড বেঁচে নেই-ই।

নিজেদের নির্মিত রাস্তা খুঁড়ে গণকবর প্রস্তুত
ভন্ডদের মার
হর্ষধ্বনিতে চুপসানো ভোগবাদী
কমরেডের সত্‍কার ।

December 8, 2014 at 2:41am
·

পাঠ অনুভূতি