একটা সংবাদ প্রতিবেদন সাধারণত কিছু অংশ নিয়ে পূর্ণ সংবাদ প্রতিবেদন হয়। যেমন--
১। সংবাদ শিরোনাম (Headline)
২। সংবাদ সূচনা ( Lead/Intro)
৩| মূল অনুচ্ছেদ (Body/Details)
৪। শেষ কথা (Conclusion)
নিচে একদম সংক্ষেপে তোমাদের জন্য আলোচনা করলাম।
সংবাদের শিরোনাম হচ্ছে সংবাদের একেবারে প্রথম ও গুরুত্বপূর্ণ অংশ যা একটি সংবাদকে পাঠকের কাছে আকর্ষণীয় করে উপস্থাপন করে। যেমন, 'করোনায় উচ্চঝুঁকিতে বাংলাদেশ '। কিংবা ' বিয়ে করলেন মিথিলা' কিংবা 'মহানায়ক মাশরাফির অবসর'। শিরোনাম খুবই ছোটো হওয়া উত্তম। ১-৯ শব্দের মধ্যে লেখার চেষ্টা করো, তবে প্রয়োজনে বাড়তে পারে।
মূল শিরোনামের উপরে ও নিচে কখনো কখনো কিছু প্রাসঙ্গিক শব্দ যুক্ত থাকে। যেমন,
তথ্য গোপনের অভিযোগ (ডেক)
৩০ জন মৃত, ৩০০ আইসিইউতে (মূল শিরোনাম)
সেব্রিনার অস্বীকার (নেক)
মূল শিরোনামের উপরে অপেক্ষাকৃত ছোটো অক্ষরে থাকা অংশটি ডেক আর নিচের অংশটিকে নেক বলা হয়। শিরোনামের অপর নাম সুপারলিড (Super Lead)।
সংবাদ সূচনা হচ্ছে পুরো সংবাদের সারমর্ম যা ১-২ লাইনের মধ্যে শিরোনামের নিচে আসে। একে Lead বলা হয় কারণ পুরো সংবাদটি কী বিষয়ে তা এটিই নির্দেশ করে দেয়। এর অন্য নাম Intro যেটি Introduction শব্দটি থেকে এসেছে। অর্থাৎ একটি সংবাদের সূচনা হচ্ছে লিড। এখানে ৬ টি 'ক' বা 5 টি W ও ১ টি H এর উত্তর থাকবে খুবই সংক্ষেপে। এগুলো হলো---কে কী কখন কোথায় কেন কীভাবে। ইংরেজিতে Who What When Where Why and How। কোনো ঘটনা সম্পর্কে এগুলোর উত্তর খুঁজে দিলেই একটি পূর্ণ সংবাদ প্রতিবেদন হয়ে যাবে। অর্থাৎ কী ঘটেছে, কে ঘটিয়েছে, কখন ঘটেছে, কোথায় ও কেন ঘটেছে, কীভাবে ঘটলো এবং এর প্রভাব কী।
যেমন, বাংলাদেশের (কোথায়) জনগন (কে) কোভিড-১৯ বা করোনা ভাইরাসের ঝঁকিতে (কী) রয়েছে বলে বৃহস্পতিবার(কখন) সুইজারল্যান্ডের জেনেভায় (কোথায়) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) (কে)। বাংলাদেশের অতি ঘনবসতিপূর্ণ অবস্থার কারণে এই ঝুঁকি (কেন) বলে জানিয়েছে সংস্থাটি।
এরপর বডিতে এইসবের বিস্তারিত দিতে হবে। সেখানে ঘটনা সংশ্লিষ্টদের বক্তব্য দিতে হবে অবশ্যই। কোনো অভিযোগ থাকলে অবশ্যই অভিযুক্ত ব্যক্তির বক্তব্য দিতে হবে। বক্তব্য বা মন্তব্য নেয়ার সময় যেন বিকৃত না হয় সেদিকে নজর দিতে হবে।
উপসংহার অংশে সার্বিক বিষয়টি যিনি দেখভাল করছেন তার একটি বক্তব্য কিংবা ঘটনার প্রেক্ষাপট বা ইতিহাস অল্প কথায় দেয়া যেতে পারে।
0 Comments