সর্বশেষ

আমাদের আর হবেনা


তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার
আর দেখা হবেনা,
যদিও আমরা স্বপ্ন দেখবো আগের মতোই,
সেই স্বপ্ন নিয়ে আর কথা হবেনা
তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার।

আমাদের আর সুদীর্ঘ চেয়ে থাকা হবেনা
আমার সঙ্গে তোমার-
আর আদর্শিক দ্বন্দ্ব হবেনা

যদিও আমরা আরো তত্ত্ব তথ্য জানবো জানাবো
তবু সেইসব নিয়ে আর বিতন্ডা হবেনা
তোমার সঙ্গে আমার।
আমাদের আর হাঁটা হবেনা
আমার সঙ্গে তোমার-
আর সলজ্জে অথবা নির্লজ্জ হয়ে থাকা যাবেনা
যদিও আমরা দুজনেই অনেক হাঁটবো চেনা অচেনা পথে
তবু এইসব পথ আর এক হবেনা
তোমার সঙ্গে আমার।

আমাদের আর গান গাওয়া হবেনা
তোমার সঙ্গে আমার-
সুর নিয়ে প্রলয়কান্ড বাধবেনা
যদিও আমরা গান শুনবো আগের চেয়ে বেশি
তবু সেইসব গান আর শোনা হবেনা
আমার সঙ্গে তোমার।
আমাদের আর কবিতা লেখা হবেনা
আমার সঙ্গে তোমার-
আর ছন্দ নিয়ে সংলাপ চলবেনা
যদিও আমরা আরো কবিতা লিখবো জ্ঞাত-অজ্ঞাত নামে
তবু পরিচিত কাব্যের দেখা মিলবেনা
তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার।

২৫ ডিসেম্বর, ২০১৩
পাঠ অনুভূতি