সর্বশেষ

যখন ভালবাসা দুপায়ে হাঁটে


আমি অবশ্য সন্ধ্যায় হেঁটেছি,দেখেছি বিনম্র অবয়ব
শুদ্ধতায় ছেয়ে থাকা ফুল শরীর,
বাতাসে মিশে থাকা দেহসুবাস,
আমি অবশ্য আগেই ভালবেসেছি যেদিন
শুনেছি কিছু মুখে তোমার কথা,
ধুসর মায়ায় হৃদয় দিয়ে এঁকেছি তোমাকে সদা ।



আমি অবশ্য ভাবিনি তখনো কোনদিন দেখা হবে,
মিলনায়তনের ওপাশের রাস্তায় মলিন হয়ে হাঁটবে,
সামনে হেঁটে ফের পিছে তাকালে স্বর্গীয় হাসি হাসবে,
তারপর পরিচিত হতে গেলে আমি অবশ্য ভাবিনি তুমি বলবে
'আপনাকে আমি চিনি আগে থেকে '।

আমি অবশ্য হাত ধরতে চেয়েছি মনে মনে,
মুখের ফুটে ওঠা কাটা দাগ স্পর্শ করে শুনতে চেয়েছি,
ছাড়ো,কি এমন মুখ আমার,ভালবাসার আছে কি!
কি এমন সে তুমি সে কথা আমি জানি,
কি তোমার চোখ বলে সে কথা আমি দেখি,
রিক্ত জীবন কিসে ভরে ওঠে এই বসন্ত সন্ধ্যায়
ভালবাসা দুপায়ে হাঁটে আমি থাকি তার ছায়ায়।

ভালবাসা মেরে ফেলে এ আমি বুঝি
তারপরও ভালবাসা তোমাকেই খুঁজি,
আবার দেখা হবে কোন একদিন বুঝি ।

২২ ফেব্রুয়ারী ২০১৪
পাঠ অনুভূতি