
তোমার প্রতি দুর্নিবার টান আমার,
অমাবশ্যার ঘোরতর অমনিশায় তুমি নোভা,
আবেগের দুষ্টচক্রে ঘুরেফিরে তোমার কাছেই আসতে হয়
তবু কোনদিন বলতে পারিনি ভালবাসি তোমায়।
ভেবেছিলাম প্রেমের ঝাঁঝরের নিচে চাপা পড়া এ জীবন
পল্লী প্রেমের নকশী কাঁথার মাঠ হবে,
হৃদয় বালুচরে রাখালীর খালি পায়ের ছাপ আর
সন্ধ্যার কিঞ্চিত আগে বৃষ্টির সাথে ঝিঁঝিঁর ডাক
ভেবেছিলাম কাছে আসার আহবান জানাবে।
কিন্তু আমার অপেক্ষায় বা চিন্তায় তুমি ভ্রুক্ষেপ করোনি
ভালবাসি,এ কথা তাই বলা হয়নি।
পশ্চিম আকাশের আগুনে মেঘে যখন জ্বলেছে মৃত্তিকা,
হৃদয়ের ধারাবাহিক বিপর্যয়ে আমি তখন আশ্রয়প্রার্থী,
কত কাদা হাঁটুতে মেখে এসে দেখি নেই ঠাঁই,
ভরপুর লোক সেথা, হাসিমুখে সেবারত তুমি
আর অদৃশ্য পিরামিডে জীবন্ত আমার সমাধি,
এ অবস্থায় বলতে পারিনি,আমিও ভালবাসি ।
বসন্তের শুরুতেও যে পাখি ডেকে গেছে অবিরত,
শেষ ভাগে এসে সে স্তব্ধ ; দেখেছে তোমার রয়েছে পোষা কোকিল,
তোমার চোখ হলুদ,দৃষ্টিতে জীবাণু, তোমার ছোঁয়া বিষাক্ত
থেমে গেছে রক্তিম চাওয়া, হতচ্ছাড়া মন তবু বোঝেনা
জীবনের শেষ বিকালটাকে সাক্ষী রেখে সে বলে যেতে চায়,
কেন সে ভালবাসার কথা বলতে পারেনি,
কেন ফিরে চায়নি,কেন হাত ধরেনি,কেন আশা মরেনি।
তখন যদি মান্দার গাছের ডালপালা টকটকে লাল হয়ে যায়,
বকুলের ঘ্রাণ থাকে বাতাসে,
ডালিয়ার ফুঁটে থাকা হয় স্পষ্ট
আর জলের মাঝে সারি সারি সাদা শাপলা দোলে
বুঝে নিও,মুখোমুখি চেয়ে থেকে দিনেরাতে আমিও ভালবেসেছি।
৯ মার্চ, ২০১৪।