সর্বশেষ

ওমানী সুলতান কাবুস, ইবাদী ইসলাম ও ইতিহাস

সুলতান কাবুস, ইবাদী ইসলাম ও ইতিহাস
‌~~~~~~~~~~~
সুলতান কাবুস, ইবাদী ইসলাম ও ইতিহাস
‌~~~~~~~~~~~
আধুনিক ওমান বিনির্মাণে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের অবদান অনন্য। তিনি ব্রিটিশদের সহায়তায় তার নিজ পিতা সাঈদ বিন তৈমুরকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন। তৈমুর তার পিতা এবং তার পিতা তার পিতাকে ক্ষমতাচ্যুত করেন। দেখা যাবে, ওমানের এই সাঈদ পরিবারের বাবার বিরুদ্ধে দাঁড়ানোর একটা প্রবণতা আছে, দেখা যায়। এ দিক থেকে কাবুসই দীর্ঘ কয়েক শ বছরের শাসনে ক্ষমতাচ্যুত না হয়ে মৃত্যুবরণ করলেন। ক্ষমতা হারানোর ভয়ে হোক অথবা সন্তান জন্মদানে অক্ষমতায় হোক তার সন্তানই ছিলোনা। তাই মরার আগে সিলগালা করে চিঠিতে চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল সাঈদের নাম লিখে গেছেন। 

তারিক একজন অক্সফোর্ড স্নাতক। কাবুসও ব্রিটেনের রাজবাহিনীতে কাজ করেন। এদের পারিবারিকভাবে ব্রিটেনের কাছে নতি স্বীকারের উজ্জ্বল ইতিহাস রয়েছে। সে কারণেই মধ্যপ্রাচ্যের আর সব জায়গায় আগুন কম বেশি জ্বললেও ওমান থাকে শান্ত। কারণ ওমান জ্বললে হরমুজ প্রণালী দিয়ে পানির দামে বিপুল পরিমাণ তেল ইউরোপে পাচার হতে সমস্যা। 

ওমানের রাজধানীর নাম মুসকাত। আমাদের পশ্চিমা দাসমানসিকতা এটাকে ডাকে 'মাস্কট', মানে প্রাচ্যের মুসকাত উচ্চারণ করলে যেন জ্ঞান জাহিরে সমস্যা, ঐ উসমানীয়কে 'স্টাইল' করে 'অটোমান' বলার মত আর কী!

ওমানের ৭৫ ভাগের উপরে মানুষ ইবাদী নামের ইসলাম পালন করে যেটি হয়তো অনেকেই জানেননা। বেশিরভাগ  জানেন, শিয়া-সুন্নী এই দুইটি ভাগ মুসলমানদের মধ্যে। কিন্তু না, ইবাদীরা বেশ সংখ্যাগরিষ্ঠ। ওমান, আলজেরিয়া, লিবিয়া, তিউনিসিয়াতে এদের দেখা যায়। এরা শিয়া ও সুন্নীদের অনেক মতের সঙ্গেই একমত হলেও নিজস্ব কিছু বিশ্বাস রয়েছে। যেমন, এরা চার খলিফাকেই বৈধ মানে তবে উসমানের খিলাফতের শেষাংশকে 'স্বজনপ্রীতি' ইত্যাদি কারণে অস্বীকার করে কিন্তু খারেজীদের মত উসমান রা হত্যাকে আবার সমর্থন করেনা।

এরা আলী রা এর খিলাফতকে পূর্ণাঙ্গভাবে মানে তবে সিফফিনের যুদ্ধে মুয়াবিয়ার পরাজয়ের ঠিক আগে যুদ্ধ বন্ধ করে কথিত হঠকারীতায় পূর্ণ সালিশের বিপক্ষে এরা অভিমত পোষণ করে। ইবাদীদের মতে, সে সময় আলী রা যুদ্ধ চালিয়ে মুয়াবিয়ার সীমালংঘনকে ধূলায় মিশিয়ে দিলে পরবর্তী সময়ে উম্মতের মধ্যে বিভাজন দেখা দেয়না। কিছু দুর্বলচিত্ত লোকের পরামর্শে আলী (রা) সালিশী মানার কারণেই 'যে মুয়াবিয়া উসমান রা এর হত্যার বদলা নেয়ার রাজনীতি করতে সিরিয়া থেকে হেজাজে' আসে সে-ই অযৌক্তিকভাবে 'খলিফা' হিসেবে রায় পায়! অথচ মুয়াবিয়া তো খলিফা হওয়ার যোগ্য নয়, বা সে এ কারণে যুদ্ধও করেনি। ইবাদীরা উমর ইবনে আব্দুল আজীজ ছাড়া উমাইয়া শাসকদের তথা মুয়াবিয়া ও তার পরবর্তী সকলকে শোষক বলে বিশ্বাস করে।

আব্দুল্লাহ ইবনে ইবাদ, যিনি বিখ্যাত বনু তামিম গোত্রের এক প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, যার ধর্মীয় জ্ঞান সরাসরি ইবনে আব্বাস থেকে প্রাপ্ত, তিনি ইবাদী মাজহাব বা সম্প্রদায়ের গুরু। ইবাদীরা যেমন, কট্টরপন্থী খারেজী নয়, তদ্রুপ শিয়াদের মত আবেগী বা সুন্নীদের মত শিয়া বিদ্বেষী নয়। খারেজীদের মধ্যে যে পরমতসহিষ্ণু অংশটি খারেজীদের থেকে বেরিয়ে আসে তারাই পরবর্তীতে ইবাদী নামে পরিচিতি পায় আর ওমান ক্রমে এদের কেন্দ্র হয়ে ওঠে। এ কারণেই দেখবেন ওমানে ধর্ম নিয়ে তেমন বাড়াবাড়ি নেই। আর ভারত বা হিন্দের সঙ্গে ওমানের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। এজন্যই ওমানে প্রচুর ভারতীয় হিন্দু ভাইয়েরা কাজ করে জীবীকা নির্বাহ করেন। ওমানীরা অন্যান্য আরবদের চেয়ে বাংলাদেশের প্রবাসীদের সঙ্গেও উত্তম ব্যবহার করে বলে কথিত রয়েছে। 

কাতারের বিরুদ্ধে সৌদি আরবের অবরোধের সময় এরা সৌদি আরবের কথামত কাজ না করে কাতারীদের পাশে থাকে। এরা ওহাবী সৌদী, শিয়া ইরান, সূফি তুর্কি, ইখওয়ানের রাজনৈতিক আশ্রয়দাতা কাতার, ব্রিটেন, আমেরিকা সবার সঙ্গে তাল মিলিয়ে চলছে। ধর্মতত্ত্ব ইবাদীদের অতীত শাখা খারেজীদের যেমন কট্টর বর্ণনা করে এরা ঠিক তার বিপরীত। এ কারণেই ইবাদীরা খারেজীদের থেকে পৃথক সত্তায় পঠিত হয়।

মধ্যপ্রাচ্যের গ্যাঞ্জাম, ফ্যাসাদকে পাশ কাটিয়ে নীরবে ওমান আধুনিক হয়ে উঠেছে, অথচ এক সময় বিপুল সমৃদ্ধ সাবা বা ইয়েমেন আজ দারিদ্রে জর্জরিত, যুদ্ধে বিধ্বস্ত! 

এ পৃথিবীর ইতিহাস উত্থান ও পতনের পুনরাবৃত্তির ইতিহাস। এক সময়ের পরাক্রমশালী ইয়েমেনীরা আজ না খেয়ে মরে, আর ছাগল-মেষ পালনকারী আল সৌদের উত্তরাধিকারীরা অনাহারী ইয়েমেনীদের হত্যা করে, খাদ্য অপচয় করে। এক সময়ের পরাক্রমশালী পারস্য আর তুর্কি এখন অবরোধে পড়ে, আর যাদের অতীত বলে কিছুই নেই সেই আমেরিকা-ইসরায়েল এখন প্রাচুর্যে বাস করে!

এ কারণে আমি ইতিহাসকে খোঁজ করি মানুষ ও তার শাসন-শোষন বিচারের জন্য, যদিও জানি ইতিহাস ক্ষমতাসীনের হাতে রচিত ফিকশনে পূর্ণ নন-ফিকশন...। তবু, আমাদের এসব নিংড়ে সত্য বের করে আনার অনুসন্ধিৎসু মন সক্রিয় রাখতে হয়। 'চিন্তা', যদি চিন্তা করা মানুষ বন্ধ করে দেয় তবে মানুষ আর মানুষ থাকে?

সুলতান কাবুসকে প্রভু উত্তম প্রতিদান দান করুন।
পাঠ অনুভূতি

Post a Comment

0 Comments